২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জসীম উদ্দীনের জন্মবার্ষিকী পালন

নানা আয়োজনে ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দীনের ১১৫ তম জন্মবার্ষিকী পালন করেছে ‘জেলা পরিষদ’ ও ‘জসীম ফাউন্ডেশন’।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 03:13 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

সোমবার সকালে এ উপলক্ষে সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়া কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা, কবির কবিতা থেকে পাঠের আয়োজন ও দোয়া  মাহফিল করা হয়।

১৯০৩ সালে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্ম জসীম উদ্দীনের।

এরপর কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নক্সি কাঁথাসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থের জন্ম দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি।

১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।ওইদিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তার পৈত্রিক ভিটার ‘ডালিম গাছের’ তলায় কবিকে দাফন করা হয়।

সকালে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জসীম ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, জাতীয় কবিতা পরিষদ ফরিদপুর শাখা।

এছাড়া দিনটি উপেলক্ষে কবির প্রতিষ্ঠিত স্কুল আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি শোভাযাত্রা বের করে।পরে তারা কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।     

কবির জন্মদিনের আলোচনা সভায় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, গ্রাম বাংলার সৌন্দর্যকে জসীম উদ্দীন তার লেখার মাধ্যমে যে ভাবে ফুঠিয়ে তুলেছেন- অন্য কোনো কবি বা সাহ্যিত্যিক তা করেন নি।

কবি তার লেখায় গ্রামের খেটে খাওয়া মানুষের কথা বেশি করে তুলে ধরেছেন। তার লেখনীতে গ্রাম বাংলার কথা না থাকলে শহরেবাসী গ্রামকে ভুলেই যেত বলে মন্তব্য করেন তিনি।পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে জসিম উদ্দিনের বই পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নাঈম মো. আবদুছ সবুরসহ অন্যান্যরা।

জেলা পরিষদ ও জসীম ফাউন্ডেশন ছাড়াও জসীম উদ্দীনের জন্মবার্ষিকীতে ফরিদপুরের সরকারি-বেসরকারি, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানও নানা কর্মসূচির অয়োজন করে।