এলাকাবাসীর টাকায় মৌলভীবাজারের স্কুলে শহীদ মিনার
স্থানীয়দের আর্থিক সহায়তায় মৌলভীবাজারের কমলগঞ্জে একটি স্কুলে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার।
রোববার উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এ শহীদ মিনারের এর উদ্বোধন করেন কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকাবাসীর আর্থিক সহায়তায় ৮০ হাজার টাকা ব্যয়ে আমাদের স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এ কাজ তদারকি করেছেন ইউএন মাহমুদুল হক ও ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম। ”
এ সময় চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন, আলীনগর ইউনিয়নের সদস্য প্যানেল চেয়ারম্যান-১ মো. সাইফুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
