২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির বধ্যভূমিতে পিকনিক!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমিতে পিকনিক করছে বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিকুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 08:13 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা বেদিতে জুতা পায়ে উঠে উচ্চশব্দে গান বাজিয়ে পিকনিক করতে দেখা গেছে।

যেখানে মূল বেদিতে ওঠার আগেই ডানপাশে লেখা ‘জুতা পায়ে উঠা নিষেধ’ আর বামপাশে লেখা আছে ‘অনুগ্রহ করে বেদিতে বসবেন না’।

বধ্যভূমিতে নাকি প্রায়ই এ ধরনের পিকনিক হয়ে থাকে বলে জানিয়েছেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের জোহা হল সংলগ্ন প্রায় এক বর্গ কিলোমিটার জুড়ে রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মানুষকে ধরে এনে হত্যাযজ্ঞ চালানো হয়। তারই স্মৃতিকে ধারণ করতে এখানে তৈরি করা হয় স্তম্ভটি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভাগ দুটির কয়েক বর্ষের শিক্ষার্থীরা মিলে বধ্যভূমির বেদির উপরে জুতা পায়ে উঠে নাচগান করছে। আর পাশেই পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বধ্যভূমির পাশেই উচ্চশব্দে গান বাজিয়ে পিকনিক করছে। তাদের জুতা পায়ে বেদিতে উঠে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।

প্রক্টরের অনুমতি নিয়েই বধ্যভূমিতে পিকনিকের আয়োজন করেছেন বলে দাবি করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।

অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করে প্রক্টর লুৎফর রহমান বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বধ্যভূমিতে পিকনিক করার জন্য অনুমতি নিতে আসে। কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হয় না।

“অনেকে রান্না শুরু করলে পুলিশ বাধা দেয়, তখন শিক্ষার্থীরা ফোন করে কাকুতি-মিনতি শুরু করে। এছাড়া সেখানে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। আর আজকেও যারা পিকনিক করছিল, তারাও অনুমতি নেয়নি।”

তবে বিষয়টি জানেন না বলে দাবি করেছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সভাপতি দিল আফরোজ বেগম।

তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তারা বিভাগে না জানিয়েই তাহলে পিকনিক করছিল। শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।”

বধ্যভূমিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, প্রতিদিন অন্তত ৪/৫টি গ্রুপ এখানে পিকনিক করতে আসে। তারা বেশিরভাগ সময়েই উচ্চশব্দে নাচ-গান করে থাকে। তাদের কিছু বললেই বলে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অনুমতি দিয়েছে।