জেএসসি: দিনাজপুরে কমেছে পাসের হার ও জিপিএ ৫
অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ড পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে।
শনিবার প্রকাশিত ফলে এ বোর্ডে পাশের হার ৮৮ দশমিক ৩৮। আর জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার ৬২ জন।
যা গত বছরের চেয়ে কমেছে। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৯৯ এবং জিপিএ ৫ ছিল ২৭ হাজার ৮৯।
জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছে। ছাত্রদের মধ্যে ৯ হাজার ১০৫ এবং ছাত্রীদের মধ্যে ১০ হাজার ৯৫৭ জন জিপিএ ৫ পেয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার শিক্ষা বোর্ডের অধীনে তিন হাজার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ লাখ ২৮ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে দুই লাখ এক হাজার ৮০৯ জন।
শতভাগ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা ৫৮০টি। একজনও পাশ করেনি এমন স্কুলের সংখ্যা ১৩টি।
গত বছরের চেয়ে ফল খারাপ হওয়ার জন্য সৃজনশীল পদ্ধতির পরিবর্তন এবং শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে দুর্বলতাকে দায়ী করছেন শিক্ষা বোর্ডের এ কর্মকর্তা।
