২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় যুবলীগ নেতার রগ কর্তন

ঢাকার আশুলিয়ায় স্থানীয় এক যুবলীগ নেতাকে রগ কেটে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিজ দলেরই এক নেতার বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 03:14 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, শুক্রবার মধ্যরাতে আশুলিয়া ইউনিয়নের দুর্গাপুর পূর্বচালা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শামিম মন্ডল (৩২) আশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শামিম মন্ডলের ভাই হামিদুর রহমান মন্ডল বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাতে তার ভাইকে দুর্গাপুর পূর্বচালা এলাকায় একা পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও বাম পার রগ কেটে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

“পরে পথচারীরা তার গোঙানির শব্দ শুনে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।”

আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।

হামিদুরের অভিযোগ, “আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।ওই মাদক ব্যবসার প্রতিবাদ করায় শামিমকে কুপিয়ে জখম করে। এ নিয়ে এর আগেও তাদের মধ্যে ঝামেলা হয়েছে।”

তবে আশুলিয়া থানা যুবলীগ সদস্য কুসুম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে ফাঁসানোর জন্য একটা চক্রান্ত চলছে। তার সাথে আমার পূর্বের শত্রুতা রয়েছে; কিন্তু আমি তার উপর হামলা করিনি।”

এ ব্যাপারে ওসি আবদুল আউয়াল বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনাম মেডিকেলের অপারেশন থিয়েটারের ইনচার্জ  ডা. নাসির উদ্দিন বলেন, “বাম পায়ের একটা রগ কাটা গেছে, মাথায় গুরুতর আঘাত হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।”

তবে তার জীবানাশঙ্কা নেই বলে জানান এই চিকিৎসক।