ফরিদপুরের ২ ইউনিয়নে আ. লীগের জয়
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আর অন্যটিতে আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছেন।
স্থানীয় সরকারের প্রতিষ্ঠান পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপনির্বাচনে ভোট হয় বৃহস্পতিবার।
ভোট গোনার পর ফরিদপুরের তিনটি ইউনিয়ন পরিষদের ফল বেসরকারিভাবে প্রকাশ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. জাহাঙ্গীর আলম। তিনি পেয়েছেন ৩৯৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আহসানুর রানা পেয়েছেন ৩০৭৫ ভোট।
আলফাডাঙ্গা সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এ কে এম আহাদুল হাসান আনারস প্রতীকে জয় পেয়েছেন। তার ভোট ২৮৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক শেখ পেয়েছেন ২৪৯৬ ভোট।
গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইনামুল হাসান। তিনি পেয়েছেন ৪৩১০ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী খান সাইফুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ২৮২৫ ভোট।
