অবৈধপথে ভারত থেকে ফেরার পথে বেনাপোলে আটক ১৩
অবৈধপথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, বৃহস্পতিবার বিকালে চেকপোস্টের বড়আচড়ার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে তিন পুরুষ, চার নারী ও ছয় শিশু রয়েছে। এদের বাড়ি খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুবেদার ওহাব বলেন, অবৈধপথে বেনাপোল সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ ভারত থেকে ফিরছে এমন খবরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান তিনি।
