২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু সাদমান

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগের শিশু সাদমান সাকিব নিখোঁজের এক মাস পরও উদ্ধার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 05:55 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

তাকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে নিখোঁজ সাদমান সাকিবের বাবা সৈয়দ ওমর খালেদ এপন, মা হাবিবা খালেদ মিথী, নানি শাহীনা মহিউদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের জেলার সভাপতি গোপীনাথ দাস, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম সাকিলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে সৈয়দ ওমর খালেদ এপন বলেন, গত পহেলা ডিসেম্বর নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকার বাড়ির সামনে থেকে তার দেড় বছরের ছেলে শিশু সাদমান সাকিব নিখোঁজ হয়। এই ঘটনায় মামলা করা হয়েছে।

“কিন্তু প্রায় এক মাস হতে চললেও আমার ছেলেকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আমার ছেলেটি কোথায় আছে? কীভাবে আছে? কারা তাকে অপহরণ করে নিয়ে গেছে? আমরা কিছুই জানি না।”

কোনো মন্ত্রী কিংবা এমপির ছেলে নিখোঁজ হলে তাকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর ২৪ ঘণ্টার বেশি সময় লাগত না বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

মানববন্ধনে অন্য বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অবিলম্বে সাদমান সাকিবকে উদ্ধারের দাবি জানান।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, সাদমানের নিখোঁজের ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাদের সন্দেহ অনুযায়ী দুই আসামিকে গ্রেপ্তারের পর হেফাজতে (রিমান্ডে) এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।