২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

যিশু খ্রিস্টের জন্মতিথি বড়দিনের ছুটিতে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশে শিশু ও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 06:30 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোর সাফারিপার্ক, পাখি অ্যাভিয়ারি, কুমির, প্রজাপতি কর্নারসহ বিভিন্ন অংশে অন্যদিনের তুলনায় দর্শনার্থীদের ভিড় অনেক বেশি।

পার্কে পরিবার নিয়ে বেড়াতে এসেছেন ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা নুরুল হুদা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বড় দিনের ছুটিতে স্ত্রী-সন্তানসহ আমরা সাফারি পার্কে এসেছি। ছেলে-মেয়েদের বয়স ১৫ বছরের নিচে। কোর সাফারিপার্কে আমাদের সঙ্গে শিশুদের জন্যও ১০০ টাকা করে নেওয়া হয়েছে।”

একই অভিযোগ করেন ঢাকার বংশালের বাসিন্দা মো. আশরাফ উদ্দিন।

কেরানীগঞ্জের বাসিন্দা মো. লিটন মিয়া বলেন, তারা প্রতিবেশীসহ ১৮ জন এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। তার অভিযোগ- কোর সাফারি পার্কে সকলে ১০০ টাকা করে দিয়ে প্রবেশ করেছেন।

“আমার সঙ্গে ভাগনে-ভাতিজিসহ ১০ শিশু ছিল। আদায় করা অতিরিক্ত টাকা ফেরত চাইলেও তা ফেরত দেননি কর্তৃপক্ষ।”

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারি পার্ক ইজারা পেয়েছেন পাল অ্যান্ড ব্রাদার্স। প্রতিষ্ঠানটির টিকিট ব্যবস্থাপক মো. হাসান মিয়া অতিরিক্ত টাকা আাদয়ের কথা অস্বীকার করেছেন।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন, বড়দিনের বন্ধ থাকায় সোমবার সকাল থেকেই পার্কে ভিড় ছিল। দুপুর পর্যন্ত ১২ হাজারের মত দর্শনার্থী এসেছেন।

“কোর সাফারি পার্কে শিশু ও শিক্ষার্থী তথা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশ ফি ৫০ টাকা। তবে শিশু ও শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার বিষয়টি আমার নলেজে নেই “

এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।