সিলেটে অপহরণের পর মাদ্রাসা ছাত্রকে হত্যা
সিলেটে অপহরণের একদিন পর এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে শহরতলীর খাদিম কালাগুল চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান।
নিহত আল আমিন (১৬) নগরীর শেখঘাট টিকরপাড়ার নুরুল ইসলাম টুটুলের ছেলে। ঘাসিটুলা হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল আল আমিন।
এ ঘটনায় তার ভগ্নিপতি ফয়সল আহমদকে (২৭) আটক করেছে পুলিশ।
ওসি বলেন, শনিবার সকাল থেকে আল আমিনকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। ভগ্নিপতি ফয়সল তাকে অপহরণ করেছে বলে সন্দেহ হয় তাদের। পরে রোববার সকালে ফয়সলের বিরুদ্ধে অপহরণের মামলা করেন আল আমিনের বাবা নুরুল ইসলাম টুটুল।
“দুপুরে টিকরপাড়া থেকে ফয়সলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যে সন্ধ্যায় খাদিম কালাগুল চা বাগানে আল আমিনের লাশ পাওয়া যায়।”
তিনি বলেন, আল আমিনের বোনের সঙ্গে বনিবনা না হওয়া ও খারাপ সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। বেড়ানোর কথা বলে আল আমিনকে চা বাগানের নির্জন স্থানে নিয়ে হত্যা করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ফয়সল।
