তিনদিন আগে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হাসপাতালে
গাজীপুর থেকে ঢাকা আসার পথে তিনদিন আগে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে হাসপাতালে।
কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ব্যবসায়ী ফয়েজ উদ্দিনের (৩৫) লাশ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।
ফয়েজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। তিনি পরিবহন ব্যবসায়ী ছিলেন।
পুলিশের ধারণা, নেশা জাতীয় কিছু দিয়ে অচেতন করে ছিনতাইকারীরা সব নিয়ে তাকে সেখানে ফেলে পালিয়ে গেছে।
ওসি রফিকুল বলেন, গত বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ী আসার পথে নিখোঁজ হন ফয়েজ। ওইদিন বিকালে রাজধানীর উত্তরার একটি রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
উত্তরা পূর্ব থানার এসআই কালাম বলেন, “কুর্মিটোলা হাসপাতালে মৃত ওই ব্যক্তির পরিচয় না পেয়ে ময়নাতদন্তের জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
নিহতের বড় ভাই তাইজুউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফয়েজকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার ঢাকা মেডিকেল কলেজ যান তিনি। বিকালে সেখানে ফয়েজের লাশ পাওয়া যায়।
