সালথায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছে।
শনিবার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে সালথা থানার ওসি দেলোয়ার হোসেন জানান।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে ২৬ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এলাকাবাসী জানায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান ওরফে হামিদ মাতুব্বরের সঙ্গে একই এলাকার বাসিন্দা মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরের বিরোধ চলে আসছিল।
শুক্রবার সন্ধ্যায় হাবিবুর রহমানের কয়েক সমর্থক মাঝারদিয়া বাজারে গেলে সেলিম মাতুব্বরের এক সমর্থক তাদের একজনকে থাপ্পর মারে। এর জেরে শনিবার দুই পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানায় তারা।
সেলিম মাতুব্বর বলেন, “আমার সমর্থক ইউপি সদস্য (দুই নম্বর ওয়ার্ড) কবির মোল্লার সঙ্গে ভাগ বাটোয়ারা নিয়ে চেয়ারম্যানের বিরোধ ছিল। সম্প্রতি কবির চেয়ারম্যানের পক্ষে যোগ দেয়। এই সুযোগে চেয়ারম্যান আমাদের উপর প্রতিশোধ নিতে এ সংঘর্ষ বাধায়।”
হাবিবুর রহমান বলেন, “শুক্রবার আমার সমর্থকরা মাঝারদিয়া বাজরে গেলে তাদের মারা হয় এবং বাজার থেকে বের করে দেওয়া হয়। এজন্য এ সংঘর্ষ হয়েছে।”
ওসি দেলোয়ার বলেন, সংঘর্ষের পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
