গাজীপুরে যুবকের রগকাটা লাশ উদ্ধার
গাজীপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের পায়ের রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সিটি করপোরেশনের সারদাগঞ্জ উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের পরনে নীল স্যোয়েটার ও সাদা স্ট্রাইপের ট্রাউজার রয়েছে। তাছাড়া তার দুই পায়ের রগকাটা ও মুখে জখমের চিহ্ন রয়েছে।
ওসি আমিনুল বলেন, ওই যুবককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।
