গাজীপুরের রাস্তায় অজ্ঞাতপরিচয় লাশ
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই বলেন, শুক্রবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তবে কিভাবে দুর্ঘটনা ঘটে, কোন গাড়ি এর জন্য দায়ী, পুলিশ সেসব তথ্য জানাতে পারেনি।
পরিদর্শক হাই বলেন, আনুমানিক ৪৫ বছর বয়সী এই ব্যক্তির লাশ রাস্তায় দুর্ঘটনা-কবলিত অবস্থায় পাওয়া গেছে।
“কোনো একটি গাড়ি তাকে চাপা দিয়েছে, যার আলামত রয়েছে। তার পরনে কালো জ্যাকেট, নীল শার্ট ও লুঙ্গি রয়েছে।”
পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।
