‘বীর’ বর্জনের ঘোষণা এক মুক্তিযোদ্ধার
মুক্তিযোদ্ধার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে জামালপুরের এক মুক্তিযোদ্ধা নামের আগে ‘বীর’ শব্দটি বর্জনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন।
এছাড়া অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন করেন তিনি।
বুধবার রাষ্ট্রীয় ডাকে প্রধানমন্ত্রী বরাবর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম আজাদ এ চিঠি পাঠান।
মাদারগঞ্জ উপজেলার চরগাবের গ্রামের বাসিন্দা আজাদ ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন।
এর আগে গত ১২ ডিসেম্বর জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলছেন্না গ্রামের মো. আবুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক পত্রে বীর মুক্তিযোদ্ধার ‘বীর’ অংশ বর্জনের কথা জানান।
রেজাউল করিম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন শুরু করেন। তিনি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় ভাতা, রাষ্ট্রীয় মর্যাদা, সন্তান-নাতি পুতির কোটায় চাকরিসহ নানা সুযোগ সুবিধা প্রদান করছেন। সরকার মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রস্তুতের কর্মসূচি হাতে নেয়।
ভুয়াদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা টিকতে পারছে না। ভুয়াদের হাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে। এ ধরনের কাজ ন্যক্কারজনক বলে তিনি প্রধানমন্ত্রী বরাবর দেওয়া পত্রে উল্লেখ করেছেন বলে জানান।
আজাদ বলেন, বয়সের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধা দিনে দিনে কমে যাওয়ায় ভুয়ারাই এখন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আসছেন। এসব কারণে তিনি ‘বীর’ অংশ বর্জন করেন এবং মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান না করার অনুরোধ জানান।
তিনি জানান, এর আগে তিনি ২০১৬ সালের ১৭ জুলাই জামালপুরের তৎকালীন জেলা প্রশাসক ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন যাতে মৃত্যুর পর তাকে গার্ড অব অনার দেওয়া না হয়।
একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা এবং বিশেষ ট্রাইব্যুনালে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচারেরও দাবি জানান।
জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর জানান, তিনি এ ধরনের কোনো আবেদনপত্র হাতে পাননি।
