২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর সংবর্ধনায় শীত-কুয়াশায় দাঁড়িয়ে শিক্ষার্থীরা

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আগামন উপলক্ষে শীত ও কুয়াশার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে পাবনার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের।

সৈকত আফরোজ আসাদ

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 07:54 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

বৃহস্পতিবার চাটমোহর উপজেলায় জেলা পুলিশের হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী।

হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়, হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, হান্ডিয়াল কলেজ, বাঘলবাড়ি দাখিল মাদ্রাসা ও পাকপাড়া মোখলেছুর রহমান আলিম মাদ্রাসাসহ কয়েকটি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরিস্থিতির শিকার হয়।

এ ধরনের কোনো সংবর্ধনায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় না করানোর নির্দেশনা রয়েছে হাই কোর্টের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুধী সমাবেশে মন্ত্রীকে বরণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাস্তায় লাইন ধরে দাঁড় করিয়ে রাখা হয়। তাদের হাতে ছিল মন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য ফুলের স্টিক, ব্যানার, ফেস্টুন ইত্যাদি।  

মন্ত্রীর সংবর্ধনায় সুধী সমাবেশ উপলক্ষে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে তৈরি করা হয় মঞ্চ। বিদ্যালয়ের সামনের রাস্তার দুই পাশে শিক্ষার্থীদের দাঁড় করানো হয়।

দাঁড়িয়ে থাকা কয়েকজন মেয়ে শিক্ষার্থী অভিযোগ করেন, সকাল ১০টা থেকে শিক্ষকরা তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছেন। পা ব্যথা হয়ে গেছে। শীতও লাগছে। স্যাররা লাইন থেকে তাদের বের হতে দিচ্ছেন না।

অপর শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ে এখন শীতকালীন ছুটি; তবুও তাদের আসতে বাধ্য করা হয়েছে।

এ বিষয়ে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনতী রানী সাহা বলেন, “কেউ আমাদের বাধ্য করেনি, হান্ডিয়াল একটি অবহেলিত জনপদ। এখানে একটি পূর্ণাঙ্গ থানার দাবিতে ও বিদ্যালয়ের কিছু দাবিদাওয়া নিয়ে আমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়েছি।”

হান্ডিয়াল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক লুৎফর রহমান বলেন, “কোনো আওয়ামী লীগ নেতার নির্দেশে নয়, মন্ত্রী আমাদের এলাকায় আসছেন; এতে আমরা আনন্দিত। স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ তাকে বরণের আয়োজন করেছে।” 

হাই কোর্টে নিষেধাজ্ঞা সত্বেও কেন শিক্ষার্থীদেরকে এভাবে রাস্তায় দাঁড় করানো হয়েছে জানতে চাইলে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, “সবই বুঝি; তারপরও এই এলাকায় মন্ত্রী প্রথম আসছেন বলেই তাকে সংবর্ধনা দেওয়ার জন্যে শিক্ষার্থীদের আনা হয়েছে।”