শিমুলিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চালু
ঘন কুয়াশায় শিমুলিয়া -কাঁঠালবাড়ি নৌপথে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই ঘাটে নৈশ কোচসহ আটকা পড়ে পাঁচ শতাধিক যানবাহন। মাঝ নদীতে আটকা পড়ে যানবাহন বোঝাই পাঁচটি ফেরি।
“বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকা পড়ে পাঁচটি ফেরিও ঘাটে ফিরে আসে।”
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।
