যশোরে মাইক্রোর ধাক্কায় দুই কলেজছাত্র নিহত
যশোরের বাঘারপাড়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে।
বুধবার উপজেলার চাড়াভিটা এলাকায় নড়াইল-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাঘারপাড়া থানার ওসি মনজুরুল আলম জানান।
নিহতরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার হালনা গ্রামের তহিদুর রহমানের ছেলে রজিবুল ইসলাম (১৭) ও নড়াইল পৌরসভার মাছিমদিয়ায় এলাকার তৌহিদুর রহমানের ছেলে পল্লব (১৮)।
দুজনেই নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
রজিবুলের বাবা তহিদুর রহমান বলেন, বিকালে মোটরসাইকেলে করে তারা নড়াইল থেকে যশোরে যাচ্ছিল। চাড়াভিটার এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ওসি মনজুরুল বলেন, পুলিশ মাইক্রোবাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
