আড়াইহাজারে জনতার পিটুনিতে কনস্টেবল আহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জনতার পিটুনিতে এক কনস্টেবল আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, উপজেলার নোয়াপাড়া এলাকার আড়াইহাজার-মদনপুর সড়কে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবল সুমনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এলাকাবাসীর বরাতে ওসি এম এ হক বলেন, সকালে নোয়াপাড়া এলাকায় একটি অটোরিকশা এক যুবককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ওই যুবকের সঙ্গে অটো চালক ইউসুফের (২০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারধর করা হয় ইউসুফকে।
এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ওই যুবক পালিয়ে গেলেও ঘটনাস্থলে থাকা সুমনকে ধরে পিটুনি দেয় তারা। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘ভুল বোঝাবুঝি ’ থেকে এ ঘটনা ঘটেছে। পুলিশ সদস্য সুমন এ ঘটনায় মামলা করলে একজনকে আটক করা হয়।
