গাজীপুরে মাদক ব্যবসার বিরোধে যুবক খুন
গাজীপুর নগরীতে মাদক ব্যবসার নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নগরীর চক্রবর্তী এফডিসি শুটিং স্পট এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির এসআই মো. হারুন অর রশিদ জানান।
নিহত ফিরোজ খান ঠাকুরগাও জেলার রানীশঙ্কর থানার পাশরী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুরের আন্ধারমানিক এলাকায় আব্দুল কাইয়ুমের বাসায় ভাড়া থাকতেন।
এসআই হারুন বলেন, আন্ধারমানিকসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করতেন ফিরোজ। ব্যবসায় প্রভার বিস্তার নিয়ে স্থানীয় ‘মাদক বিক্রেতা’ আবু উজ্জ্বল, আরিফ সরকার ও সাইফুলসহ বেশ কয়েকজনের সঙ্গে তার বিরাধ চলছিল।
মঙ্গলবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন ফিরোজকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। বুধবার ভোরে চক্রবর্তী এফডিসি শুটিং স্পটের প্রধান ফটকের অদূরে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় বলে জানান তিনি।
এসআই বলেন, ফিরোজের মাথা ও পিঠসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফিরোজের মা ফিরোজা বেগম বলেন, তার ছেলে দুই/তিন বছর ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। ব্যবসার টাকা নিয়ে উজ্জ্বল, আরিফ, সাইফুলসহ বেশ কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় একটি মোবাইলে একটি ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয় বলে ফিরোজা জানান।
