২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রসংগঠনের অছাত্র নেতারা রাকসু নির্বাচন চায় না: উপ-উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে রাজনৈতিক সিদ্ধান্ত মন্তব্য করে উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেছেন, নির্বাচন সবাই চায় না।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 09:26 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

ছাত্র সংসদ নির্বাচন দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণের সময় তিনি এক কথা বলেন।

মোমবাতি প্রজ্জ্বলন ও চার দিনের গণস্বাক্ষর কর্মসূচির পর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

উপ-উপাচার্য বলেন, “রাকসু নির্বাচন কি সবাই চায়? চায় না। কারণ অনেক অছাত্র বিভিন্ন ছাত্রসংগঠনে নেতৃত্বে আছে, যারা রাকসু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না। তারা রাকসু নির্বাচন চায় না।

“রাকসু নির্বাচনের দিনক্ষণ আমি বলতে পারছি না। এ ব্যাপারে মাননীয় উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনিও বলেছেন, আমরা এক সময় রাকসু নির্বাচন দেব।”

রাকসু নির্বাচনের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার মন্তব্য করে আনন্দ কুমার সাহা বলেন, “আমি সিম্পলি বলি, এটা পলিটিক্যাল সিদ্ধান্ত হতে হবে। এখন যারা ক্ষমতায় আছে তাদের একটা ইশারাও প্রয়োজন। রাকসু নির্বাচন নিয়ে এখনও তাদের সেভাবে পজিটিভ ভাবনা শুরু হয়নি।”

এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাহমুদ সাকী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সজীব কুমার, মিজানুর রহমান মিজান, গণিত বিভাগের হাবিবুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।