ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নসিমন চালক নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক নসিমন চালকের প্রাণ গেছে; আহত হয়েছে আরও একজন।
বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাঁদপুর ইউনিয়নের ভাটদি বাজার এলাকার কানাইপুর-চিতারবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ওবায়দুর রহমান শেখ (৩৫) বোয়ালমারী উপজেলার পূর্বভাটদি গ্রামের পাঁচু শেখের ছেলে।
আহত আজিজুল মল্লিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাতে ওসি মিজানুর বলেন, চিতারবাজারগামী একটি ট্রাকের সঙ্গে কানাইপুরগামী একটি নসিমনের সংঘর্ষ হয়। এ সময় নসিমনটি রাস্তার ওপর উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও চালকসহ ট্রাকটি জব্দ করে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
