২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গজারি বন থেকে নিখোঁজ পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার

গাজীপুরে গজারি বনে ২৪ দিন আগে নিখোঁজ এক পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 05:40 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

জয়দেবপুর থানার এসআই মো.সাদেকুজ্জামান ভূঁইয়া জানান, সোমবার বিকালে জয়দেবপুর থানার রাজেন্দ্রপুরের দরানচালা এলাকা থেকে কঙ্কালটি তারা উদ্ধার করেন।

নিহত সজীব (২২) ময়মনসিংহের নান্দাইল থানার ভিতপুর এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি রাজেন্দ্রপুরের এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এসআই সাদেকুজ্জামান বলেন, গত ২৪ নভেম্বর কারখানা থেকে বাসার ফেরার পথে সজীব নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের লোকজন জয়দেবপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ একজনকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যে গজারি বন থেকে সজীবের কঙ্কাল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলেন, সজীবের কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয় বলে আটক ওই ব্যক্তি তাদের জানিয়েছে।

তবে এ ঘটনায় তদন্ত ও বাকিদের ধরতে আটক ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।