২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নির্মাণাধীন মসজিদে নিরাপত্তাকর্মীর গলাকাটা লাশ

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় নির্মাণাধীণ মসজিদ থেকে এক প্রহরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2017, 12:29 PM

Updated : 19 Aug 2022, 06:11 PM

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ভোগড়া পূর্বপাড়া এলাকার নির্মাণাধীন সরকারবাড়ি মসজিদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মোতালেব মিয়া (৬৮) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাগতা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

তিনি ওই এলাকায় ফাইজুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফয়সাল আহমেদ সরকার বলেন, সপ্তাহখানেক আগে তাকে এই মসজিদে প্রহরী হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে মসজিদের মোয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পান।

মোতালেব আগে এ এলাকায় পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বেচতেন বলে তিনি জানান।

ওসি আমিনুল বলেন, “ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড় গভীরভাবে কাটা দেখা গেছে। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল বলে এলাকায় কোনো তথ্য পাওয়া যায়নি।”

লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।