রাজশাহীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষে ৩ জন নিহত
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান জানান।
নিহতরা হলেন, মিরা বেগম (৫০), তার নাতি আলামিন (২০) ও মাইক্রোবাসের চালক মনসুর আলী (৩২)।
নিহতদের মধ্যে মিরা ও আলামিনের বড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ধাইবাড়ি গ্রামে। চালক মনসুরের বাড়ি ঠাকুরগাঁয়ের বিষ্ণপুর গ্রামে।
এসআই হাবিবুর বলেন, দুপুরে মীরা ও তার নাতি ভোলাহাট থেকে নিজের মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন। এ সময় পুঠিয়ার ঝলমলিয়া হিমাগারের সামনে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিরার মৃত্যু হয় এবং অন্য দুজন আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকালে সেখানে আলামিন ও মনসুরের মৃত্যু হয়।
