২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৫ অগাস্ট মুক্তিযুদ্ধের চেতনা হত্যা করা হয়’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 09:42 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

শনিবার সিরাজগঞ্জে ঐক্য পরিষদ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, “১৯৭১ সালে কে হিন্দু, কে মুসলমান সে পরিচয় ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে আমরা হিন্দু-মুসলিম এক সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।”

এ চেতনা থেকেই বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছিল। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা করে তারা হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মর্যাদা দিয়েছে।”

বর্তমান বাংলাদেশের হিন্দুরা ভালো নেই দাবি করে রানা দাশগুপ্ত বলেন, “রামু, উখিয়া, নাসিরনগর সর্বশেষ রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। একাত্তরের পরাজিত শক্তিরা আবার মাথাচারা দিয়ে উঠেছে। একাত্তর সালে যেমন তারা বেছে বেছে সংখ্যালঘু নির্যাতন করেছিল, এখনও সেটাই হচ্ছে।”

সরকার আর দলের ভেতরে চক্রান্তকারীরা বাসা বেঁধেছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

যারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং জনপ্রতিনিধি হয়েও যারা তাদের পাশে এসে দাঁড়ায়নি আগামী নির্বাচনে তাদের মনোনয়ন না দিতে সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান তিনি।

জেলা শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এ সম্মেলনে সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে ও দিলীপ গৌরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য নিম চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী ও সাগর হালদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম হোসেন আলী হাসান প্রমুখ।