ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার নয় ঘণ্টা পর ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার জহিরুল হক জানান, মেরামত কাজ শেষে বিকাল সোয়া ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি ময়মনসিংহ হয়ে জামালপুর যাওয়ার পথে বিদ্যাগঞ্জ স্টেশনের কাছে চারটি বগি লাইনচ্যুত হয়।
এতে জামালপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং জামালপুর ও ময়মনসিংহ স্টেশনে তিস্তা, অগ্নিবীণা ও ব্রহ্মপুত্রসহ চারটি ট্রেন আটকা পড়ে।
লাইন মেরামতের পর আটকে যাওয়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়েছে বলে জহিরুল হক জানান।
ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক গাউসুল মনির জানিয়েছেন, তদন্ত দলের প্রধান হচ্ছেন বিভাগীয় প্রশিক্ষণ কর্মকর্তা মাহবুবুর রহমান।
অন্য তিনজন হলেন - ডিইএন আহসান জাবির, ডিএসটিই তারেক মো. শামস তুষার ও ডিএমই জয়দুল ইসলাম।
তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে বলে জানান গাউসুল মনির।
