বেনাপোলে ভারত ফেরত ৯ জন আটক
অবৈধপথে ভারত থেকে ফেরার অভিযোগে বেনাপোল সীমান্তে নারী শিশুসহ নয় জনকে আটক করেছে বিজিবি।
বেনাপোলের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইফুল ইসলাম বলেন, শনিবার সকালে দৌলতপুরের কামারবাড়ি সীমান্ত থেকে এদের আটক করা হয়েছে।
আটকদের মধ্যে তিন পুরুষ, তিন নারী ও তিন শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবি কমর্কর্তা সাইফুল বলেন , অবৈধপথে বেনাপোল সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ ভারত থেকে দেশে ফিরেছে এমন সংবাদে বিজিবির টহলদল অভিযান চালায়।
বিজিবির অভিযানের খবর পেয়ে পাচারকারী দালালরা পালিয়ে যায় বলে তিনি জানান।
সাইফুল জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বন্দর থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।
