ঠাকুরগাঁওয়ে ট্রাকসহ বেইলি সেতু নদীতে
ঠাকুরগাঁও শহরে বেইলি সেতু ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এ দুর্ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানিয়েছেন।
আহত আইনুল হক (৬৫) সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের প্রয়াত ধন মোহাম্মদ আলীর ছেলে। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কয়লা বোঝাই ট্রাক সেনুয়া বেইলি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় সেতুর উত্তর পাশের অংশ ভেঙে যায়। ফলে ট্রাকসহ সেতুটি ভেঙে নদীতে পড়ে।
স্থানীয় সাদ্দাম হোসেন বলেন, সেনুয়া বেইলি ব্রিজটি অনেক পুরোনো। জোড়াতালি দিয়ে কোনো রকমে চালু রাখা হয়েছিল। ব্রিজের দুপাশে সাইনবোর্ড দিয়ে লিখা হয়েছে-ঝুঁকিপূর্ণ ব্রিজ, ভারী যানবাহন চলাচল নিষেধ।
স্থানীয় পুলক আহমেদ সনেট বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় ব্রিজের উত্তর পাশের সদর উপজেলার সালন্দর, আকচা, রাজাগাঁও, বড়গাঁও, দেবীপুর ইউনিয়নসহ আরও বেশ কয়েকটি ইউনিয়নের সঙ্গে ঠাকুরগাঁও শহরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
“অনেকদিন আগেই এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। সেতুর দুই পাশে সাবধানবাণী লেখা থাকলেও বিকল্প না থাকায় ভারী যানবাহনও সেতুর উপর দিয়ে চলতে থাকে।”
জেলা প্রশাসক আব্দুল আওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি ভেঙে যাওয়ায় অনেক মানুষের অসুবিধা হবে; তাই এলজিইডিকে প্রাথমিকভাবে একটি বিকল্প ব্রিজ বানানোর জন্য বলেছি।”
