২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিরোধী অভিযানে পুলিশকে ‘মারধর’

রাজশাহীর পবা উপজেলায় মাদক বিরোধী অভিযানে যাওয়া পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে দুই কথিত মাদক বিক্রেতার বিরুদ্ধে।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 04:04 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

হরিপুর ইউনিয়নের গহামাবোনা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

এ ঘটনায় মামলা দায়েরের পর তাতে পুলিশ এক নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পবা থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, মাদক বিক্রির গোপন খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গহামাবোনা গ্রামে তার (পরিদর্শক হাসমত) নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সোর্সকে সঙ্গে নিয়ে এক কনস্টেবল ২৫ বোতল ফেনসিডিলসহ রুবেল ও রতনকে ধরে ফেলে।

“রুবেলের বাড়ি সামনে এ ঘটনার সময় রুবেল ও রতন হামলা চালায়। ওই সময় লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম হন পুলিশের এক সোর্স। আর কনস্টেবল সামান্য আহত হন।”

পরিদর্শক হাসমত বলেন, এর পরপরই সেখানে ৭/৮ জনের পুলিশের টিম পৌঁছালে রুবেল ও রতন পালিয়ে যান। পরে আহত দুইজনকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য পাঠায়।

“সেখান থেকে পুলিশ ২৫ বোতল ফেনসিডিল ও রতনের মোটরসাইকলে জব্দ করেছে। এরপর পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ভারতীয় অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।”

এ ব্যাপারে রুবেল সাংবাদিকদের বলেন, একটি মোটরসাইকেলে এক পুলিশ কনস্টেবল ও একজন সাদা পোশাকের লোক তার বাড়ির সামনে গিয়ে ফেনসিডিলের বোতল ছিটিয়ে দেয়। এ সময় তারা প্রতিবাদ করলে তাদের আটক করার চেষ্টা করা হয়। এ নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে কয়েকজন পুলিশ সেখানে উপস্থিত হলে তারা পালিয়ে যান।

Image
ছবি-গুলবার আলী জুয়েল

ছবি-গুলবার আলী জুয়েল

সাদা পোশাকের পুলিশ তাদের বাড়িতে তল্লাশির নামে আসবাবপত্র তছনছ, ভাংচুর ও লুটপাট করেছে বলেও রুবেলের অভিযোগ।

তিনি বলেন, পুলিশ তার বাড়ি থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, একটি টিভি, স্বর্ণের মালা, একটি টেপ রেকর্ডার, মাছ ধরার নতুন জাল ও নগদ ২৫ হাজার টাকা লুট করেছে।

ঘটনার পর সেখানে উপস্থিত হওয়া হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আকবর আলী প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, রুবেল ও রতন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় তারা পুলিশের উপর প্রথমে হামলা চালায়। এরপর পুলিশ তাদের বাড়িতে তল্লাশির সময় আসবাবপত্র তছনছ ও ভাংচুর করে।

তবে লুটপাটের বিষয়টি রুবেল দাবি করলেও আর কেউ জানাতে পারেনি বলে জানান এই ইউপি সদস্য।

পরিদর্শক হাসমত বলেন, রুবেলের প্রতিবেশী সমশের আলীর উপস্থিতিতে তাদের বাড়িতে তল্লাশি করা হয়েছে। এ ঘটনায় রাতেই রুবেল, রতন ও রুবেলের স্ত্রী আয়শা বেগমের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় রুবেলের স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।