দক্ষিণ আফ্রিকায় গুলি করে বাংলাদেশিকে হত্যা
দক্ষিণ আফ্রিকায় গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত আনোয়ার হোসেন (৩৫) দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
দক্ষিণ আফ্রিকার বেলকম শহরের ভরনবিল এলাকায় বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান তার চাচাত ভাই আবু তাহের।
তিনি বলেন, সাত বছর আগে আফ্রিকা যায় আনোয়ার। ছয়মাস আগে বেলকম শহরের ভরনবিল এলাকায় নতুন দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসা শুরুর পর থেকে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল বলে আগে পরিবারের সদস্যদের জানিয়েছে।
“বুধবার সন্ধ্যায় দোকানে আসার সঙ্গে সঙ্গেই এক কৃষ্ণাঙ্গ তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে সেখানে থাকা ভাগ্নে শাহজাহান বাড়িতে ফোন করে জানিয়েছে।”
এ ব্যাপারে পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান বলেন, আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানেন না।
