স্কুলছাত্রীকে ‘চুল টেনে ট্রাকের নিচে ফেলে হত্যা’
মাগুরায় স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ‘উত্ত্যক্তকারী’ এক ট্রাক চালকের বিরুদ্ধে।
বুধবার সদর উপজেলার মঘি ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মিনু খাতুন (১২) নামে ওই স্কুলছাত্রীর ভগ্নিপতি ইউসুফ আলী অভিযোগ করেন।
মৃত মিনু খাতুন শালিখা উপজেলার সর্বসাংধা গ্রামের শহর আলীর মেয়ে।
সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ভগ্নিপতির বাড়ি থেকে স্থানীয় রাঘবদাইড় মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত সে।
মিনুর ভগ্নিপতি ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন ধরে সদরের কামারপাড়া-অড়ুয়াপাড়া সড়ক নির্মাণ কাজ চলছিল। সেই পথ দিয়ে স্কুলে যাওয়া-আসা করত মিনু।
“সড়ক কাজের জন্য বালু বহনকারী ট্রাকের এক ড্রাইভার মিনুকে প্রতিদিন উত্ত্যক্ত করত। বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই ট্রাক ড্রাইভার মিনুকে চুল ধরে টেনে রাস্তায় ফেলে দেয়। পরে মিুনকে ট্রাকচাপা দিয়ে চলে যায়।”
স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে মাগুরা সদর হাসপাতালে আনা নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ইউসুফ।
ওই ট্রাক চালকের নাম জানাতে না পারলেও এ ঘটনায় বৃহস্পতিবার মামলা করবেন বলে জানিয়েছেন স্কুলছাত্রীর ভগ্নিপতি।
মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাকের মালিক ও ঠিকাদারের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের কাছ থেকে ট্রাক চালকের নাম-পরিচয় জেনে আটকের চেষ্টা চলছে।
