মাদারীপুরে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ
মাদারীপুরের রাজৈর উপজেলায় এক যুবককের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
মঙ্গলবার উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।
নিহত কানন মোড়ল (২২) ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জড়িত সন্দেহে একই বাড়ির গোবিন্দ মৃধা ও জগদীশ মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ওসি জানান, বাড়িতে পাকা ভবন নির্মাণের কারণে কানন মোড়ল সোমবার রাতে বাড়ির পাশের একটি ঘরে ঘুমান। ভোরে তার ঘরের পাশের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো এবং হাত-পা বাঁধা ছিল বলে জানান তিনি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
