ঈশ্বরদীতে কভার্ডভ্যান চালককে ছাত্রলীগ নেতার মারধর
পাবনার ঈশ্বরদীতে এক কভার্ডভ্যান চালককে পিটিয়েছেন এক ছাত্রলীগ নেতা।
সোমবার সন্ধ্যায় দিকে ঈশ্বরদীর আইকে রোডের সাকড়েগাড়ীতে প্রাণ গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জহুরুল হক জানান।
আহত চালক আতাউর রহমান (৩৫) পাবনা সদরের জালালপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি প্রাণ গ্রুপের কভার্ডভ্যান চালক। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন ঘটনাস্থল থেকে নিয়ে যান।
ওই কারখানার ব্যবস্থাপক (অ্যাডমিন) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কভার্ডভ্যানটি কোম্পানির গ্যারেজে নিচ্ছিলেন আতাউর। এ সময় শাওন ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন।
“চালক তাকে যাওয়ার জায়গা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে মারধর করে রক্তাক্ত করেন।”
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তবে ঈশ্বরদীর পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব ঘটনা মীমাংসার দায়িত্ব নেওয়ায় মামলা করা হয়নি।
পুলিশ কর্মকর্তা জহুরুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
