গাজীপুরে বিটুমিনের গাড়িতে আগুন, নিহত ১
গাজীপুর ভোগড়া বাইপাস সড়কে ফোরলেনের কাজে নিয়োজিত একটি গাড়িতে আগুন ধরে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিটুমিন ডিস্ট্রিবিউশন গাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান।
নিহত রেন্টু (৩৪) ওই গাড়ির চালকের সহকারী ছিলেন। তার বাড়ি পাবানায়।
এ সময় ওই পথে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
গাড়িতে থাকা সাইট কনসালট্যান্ট এম এ আফ্রাহিম সাদিদ বলেন, বেলা ৪টার দিকে ওই সড়কে ডিস্ট্রিবিউশন গাড়িতে করে বিটুমিন ছিটানো হচ্ছিল। গাড়ির পেছনের মইয়ে দাঁড়ানো ছিলেন রেন্টু।
“হঠাৎ গাড়ির পেছনে আগুন ধরে তা বিটুমিনে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে রেন্টু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
বিটুমিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির পরিদর্শক আব্দুল হাই জানান, এ সময় ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে বিকাল সোয়া ৫টার দিকে চলাচল স্বাভাবিক হয়।
