২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী নিহত

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর ট্রাক থেকে ছিটকে পড়ে এর চালকের সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছে আরও দুইজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 03:07 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

সদর দক্ষিণের হাড়াতলি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান।

নিহত আরাফাত রহমান রিফাত (৩২) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।

আহত কভার্ডভ্যান চালকের সহকারী ও ট্রাক চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মাহবুবুর বলেন, “ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তার সহকারী ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।”

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ এবং ট্রাক ও কভার্ডভ্যান উদ্ধার করে বলে জানান তিনি।

এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা করা হয়েছে।