১৭ হাজার ইয়াবাসহ বাগেরহাটে দুইজন গ্রেপ্তার
বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে সতেরো হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার উত্তর সোনাখালী গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে বাগেরহাট গোয়েন্দা পুলিশের ওসি মো. রেজাউল করিম জানান।
এরা হলেন- ওই এলাকার মো. আব্দুল জব্বার শেখের ছেলে শামীম শেখ (৩৭) ও ফেনী জেলার সদর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের মো. ওবায়দুল হক হাজারীর ছেলে মো. মহিউদ্দিন হাজারী (২২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রেজাউল বলেন, মাদকের একটি বড় চালান বাগেরহাট হয়ে পটুয়াখালীর কুয়াকাটাতে যাওয়ার খবরে শামীমের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
“ পুলিশ শামীমের ঘরে তল্লাশি চালিয়ে একটি প্লস্টিকের বস্তার ভেতর থেকে সতেরো হাজার ইয়াবা উদ্ধার করে। পরে ওই ইয়াবাসহ শামীম ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলে যে, রোববার রাতে মহিউদ্দিন চট্টগ্রাম থেকে এই ইয়াবা নিয়ে শামীমের বাড়িতে আসে। এই মাদকের চালানটি নিয়ে তাদের কুয়াকাটাতে যাওয়ার কথা ছিল।”
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইমান উদ্দিন মোল্লা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটি মামলা করেছেন বলে ওসি রেজাউল জানান।
