মানসিক চাপ থেকে মুক্তির জন্য আত্মগোপন, জবানবন্দিতে যাজক
নাটোরের যাজক ওয়াল্টার উইলিয়াম রোজারিও মানসিক চাপ থেকে মুক্তি পেতেই আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম খুরশেদ আলমের কাছে দেওয়া জবানবন্দিতে যাজক এমন তথ্য দিয়েছেন বলে আদালত পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মণ্ডল জানান।
জবানবন্দি গ্রহণের পর বড়াইগ্রাম উপজেলার জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর প্রধান ওয়াল্টারকে (৪২) তার ভাইদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
গত ২৭ নভেম্বর নিখোঁজ হন যাজক ওয়াল্টার।পরের দিন দুপুরে তার পরিবারের পক্ষ থেকে বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে শুক্রবার সিলেটে পাওয়া যায় তাকে। উদ্ধারের পর শনিবার এক সংবাদ সম্মেলনে যাজক অপহৃত হননি, আত্মগোপনে ছিলেন বলে দাবি করে জেলা পুলিশ।
পরিদর্শক নাসির উদ্দিন বলেন, একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে যাজক ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে রোববার দুপুরে আদালতে হাজির করে বড়াইগ্রাম থানা পুলিশ। পরে বিচারক খুরশেদ আলম তার জবানবন্দি গ্রহণ করেন।
“জবানবন্দি শেষে নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল কাদেরের আবেদনে আদালত তাকে বড় ভাই অমল রোজারিওর জিম্মায় মুক্তি দেয়।”
তিনি আরও বলেন, “জবানবন্দিতে যাজক ওয়াল্টার জানান, মানসিক অস্থিরতা থেকে বাঁচতে স্বেচ্ছায় নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করেছিলেন। তবে নিখোঁজ থাকা অবস্থায় তাকে নিয়ে সবার উদ্বেগের বিষয়টি উপলব্ধি করে তিনি পুলিশ হেফাজতে যান।”
