২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নাটোর শহরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 07:01 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

রোববার শহরের আলাইপুর হাফরাস্তায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিকদার মশিউর রহমান জানান।

গুলিবিদ্ধ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও অটোযাত্রী আনসার সদস্য সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মশিউর বলেন, বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সহ সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি নেতাকর্মীদের নিয়ে সিংড়ায় একটি সমাবেশে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

এ সময় ছাত্রলীগ নেতা রবিউল ও শহরে কেনাকাটা করতে আসা আনসার সদস্য সোহেল গুলিবিদ্ধ হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে অভিযোগ করে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলন করেছেন।

নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলনে সাবিনা বলেন, “নেতাকর্মীদের নিয়ে সিংড়ায় একটি সমাবেশে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা আমার বাড়ি ভাংচুর করে। পরে এ নিয়ে আমাদের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

“ছাত্রলীগ কর্মীদের গুলিতে তাদের নেতা ও আনসার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন, আর ঘটনায় দায় আমাদের ওপর চাপাচ্ছেন।” 

এ নিয়ে বিকালে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আমাদের নেতাকর্মীদের ওপর বিএনপির লোকজন অর্তকিত হামলা ও গুলি চালিয়েছে।”

সংঘর্ষে ঘটনায় মামলা হয়নি জানিয়ে ওসি মশিউর বলেন, মামলার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।