পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
পাবনায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শনিবার দুপুরে শহরের নূরপুর ডাকবাংলোর সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান।
নিহতদের একজন হলেন সুজানগর উপজেলার হেমরাজপুর গ্রামের বদিউজ্জামান (৪৫)। আরেকজন নারী; তবে তার নাম পরিচয় জানা যায়নি।
আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী বদিউজ্জামান নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ওই নারী।
আহত চারজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
