গরুতে পালং শাক খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় গরুতে পালং শাকের ক্ষেত খাওয়া নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শনিবার উপজেলার পার-মথুরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হরিণাকুন্ডু থানার ওসি শওকত হোসেন জানান।
আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শওকত বলেন, পার-মথুরাপুর গ্রামের মাতবর মকি বিশ্বাসের এক সমর্থকের গরু শুক্রবার বিকালে একই গ্রামের নিয়ামত মন্ডলের এক সমর্থকের ক্ষেতের পালং শাক খেয়ে ফেলে।
“এ ঘটনার জেরে উভয় পক্ষ শনিবার সকাল ৯ টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইপক্ষে অন্তত ১৫ জন আহত হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
