গোপালগঞ্জের বাস দুর্ঘটনায় বাগেরহাট আ. লীগ নেতার মৃত্যু
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় আহত বাগেরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইবনে মিজান হিরু জানান, খান নূরল ইসলাম (৫৪) শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া দোলা পরিবহনের একটি বাস গোপালগঞ্জ শহরের বেতগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় নূরল ইসলামসহ আরও অন্তত ২০ জন আহত হন।
আওয়ামী লীগ নেতা হিরু বলেন, নূরল ঢাকায় কাজ সেরে বাগেরহাটের বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনায় পড়ার পর প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে, পরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
নূরল ইসলাম আওয়ামী লীগের রাজনীতি ছাড়াও ঠিকাদারি করতেন।
বাগেরহাট ঠিকাদার কল্যাণ সমিতির সদস্যসচিব আব্দুর রব সরদার বলেন, নূরুল ইসলাম দীর্ঘদিন ধরে ঠিকাদারি করে আসছিলেন। তিনি বাগেরহাটের প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন।
“তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।”
লাশ খুলনা থেকে বাগেরহাটে আনা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন।
