গোপালগঞ্জে ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ৭
গোপালগঞ্জ সদরে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে শিশুসহ সাত জন নিহত হয়েছেন; আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে এ দুর্ঘটনাটি ঘটে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা জানান।
নিহতদের মধ্যে দুই জন হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা গ্রামের শাহিন মোড়লের ছেলে মাহি (৫) ও গোপালগঞ্জ সদরের কাঠি গ্রামের লুৎফর রহমান (৫০)। বাকিদের পরিচয় জানা যায়নি।
আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই বাসযাত্রী বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।
নিয়ামুল হুদা জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেদগ্রাম এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা কাঠ বাসটির সামনের অংশকে দুমড়েমুচড়ে ভিতরে ঢুকে যায়।
ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালয় বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম চৌধূরীও সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
