২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে চাচি ও চাচাত ভাইবোন খুন কলেজছাত্র আটক

কিশোরগঞ্জে বাড়ির সীমানার বিরোধের জেরে এক কলেজছাত্রের হাতে তার চাচিসহ চাচাত ভাইবোন খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে; এছাড়া ছুরিকাঘাতে আহত হয়েছেন তার চাচা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 10:15 AM

Updated : 12 Apr 2022, 12:50 AM

পাকুন্দিয়া থানার ওসি মো. শামসুদ্দিন জানান, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে শনিবার সকাল ৭টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ওই গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী তাছলিমা বেগম (৩৫), ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইশা (৮)।

ওসি শামসুদ্দিন প্রাথমিক তদন্তের বরাতে বলেন, ওই গ্রামের কলেজছাত্র মবিন (২৫) ও তার চাচা মোশারফ হোসেনের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল।

“এই বিরোধের জেরে মবিন দা দিয়ে তার চাচা মোশারফ, চাচি তাছলিমা, চাচাত ভাই নিলয় ও চাচাত বোন রাইশাকে কুপিয়ে আহত করেন। এতে তাছলিমা ও নিলয় ঘটনাস্থলেই মারা যান। রাইশাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।”

আর মোশারফ হোসেনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি শামসুদ্দিন।

তিনি বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা মবিনকে আটক পুলিশে দেয়। মবিন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের ছাত্র। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।