২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ‘দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা’, আটক ৭

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 03:18 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বাহুবল থানার ওসি জসিম উদ্দিন জানান, শুক্রবার সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - ওই গ্রামের মোতাব্বির হোসেন, আবুল হোসেন, কাছুম আলী, বেলায়েত মিয়া, ইসহান মিয়া, উত্থান মিয়া ও আব্দুস সাত্তার।

ওসি জসিম উদ্দিন বলেন, ওই গ্রামের দেবোত্তর সম্পত্তি বলে দাবিকৃত একটি জমি নিয়ে কয়েকটি হিন্দু পরিবারের সঙ্গে কয়েকটি মুসলিম পরিবারের বিরোধ চলছিল।

“শুক্রবার ভোর ৫টার দিকে ওই জমিতে মোতাব্বির ও তার লোকজন ঘর তৈরি করেন। কয়েকটি হিন্দু পরিবারের ওপর হামলা চালিয়ে সাতজনকে আহত করেন।”

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে সাতজনকে আটক করা হয়েছে। আর পুলিশ ঘটনা তদন্ত করছে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শামীম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ইউএনও জমিস উদ্দিন বলেন, “দোবোত্তর সম্পত্তি দখল করতে যান মোতাব্বিরসহ তার লোকজন। সেখানে একটি ঘর তৈরি করার সময় কয়েকটি হিন্দু পরিবারের ওপর হামলা করে তাদের আহত করেন তারা।

“আমি ভোর ৫টায় খবর পেয়ে তখনই ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। মামলা প্রস্তুতি চলছে।”

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই বলেন, দেবোত্তর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের বিধান নেই। তার পরও যদি কোনো ধরনের লেনদেন হয়ে থাকে তা সামাজিকভাবে নিষ্পত্তি না করে হামলা করায় প্রশাসনসহ সবাই কঠোর হস্তে বিষয়টি দমন করেছে।

জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, এটি সাম্প্রদায়িক হামলা নয়। এটি জমিসংক্রান্ত ঘটনায় সন্ত্রাসী হামলা। প্রশাসন ও পুলিশের দ্রুত হস্তক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। সাতজনকে গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ মামলাও নিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।