২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ইউপি সদস্যসহ দুই জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 11:16 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

বৃহস্পতিবার রাতে টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া থানার এসআই বিকাশ চন্দ্র দে।

আহতরা হলেন টিকিকাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন খান (৩২) এবং দুবাই প্রবাসী মহিবুল্লাহ (৩০)।

তাদেরকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় জানান, জখমের অবস্থা বেশ গুরুতর। ইসমাইলের পায়ের  আঙুল জখমের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য ইসমাইল হোসেন খান বলেন, রাতে তিনি ও দুবাই প্রবাসী মহিবুল্লাহসহ কয়েকজন স্থানীয় বাইশকুড়া বাজারে ইউসুফ মল্লিকের দোকানে বসে চা খাচ্ছিলেন।

“এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দক্ষিণ ও উত্তর ভেচকী গ্রামের শামীম, জুয়েল, নান্টু, রাসেল ও আল-আমিন সহ ১০-১২ জন লোক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।”

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসে।

টিকিকাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, এলাকায় গাঁজা, জুয়া ও ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় ইসমাইলের উপরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

“সন্ত্রাসী শামীমের বিরুদ্ধে থানায় চারটি মাদক মামলা, নান্টুর বিরুদ্ধে স্থানীয় আনোয়ার মাতুব্বর হত্যা ও ডাকাতি মামলাসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।