২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সংঘর্ষে আহত কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোণার আটপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আট দিন আগের সংঘর্ষে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 02:48 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

নিহত রনজু মিয়া (২২) উপজেলার মঙ্গলসিদ্ব গ্রামের তাহের আলীর ছেলে। চলতি বছর আটপাড়া উপজেলার তেলীগাতী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) রমিজুল হক জানিয়েছেন।

গত বুধবার (২২ নভেম্বর) মঙ্গলসিদ্ব গ্রামের বল্লাবিল এলাকায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে রনজু আহত হন। পরদিন তার বাবা তাহের আলী চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।  

সকালে মঙ্গলসিদ্ব গ্রামের মহিম উদ্দিনের ছেলে মো.ওয়াসিম (২৬), তারা মিয়া (৩০) ও আব্দুর রহমানের ছেলে রুবেল মিয়াকে (২৮) তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বর্ণনায় আটপাড়া থানার এসআই মিজানুর রহমান মিজানুর বলেন, “গ্রামের একখণ্ড জমি নিয়ে তাহের আলীর সঙ্গে একই গ্রামের আলাল উদ্দিনের বিরোধ চলছিল। এর জেরে গত বুধবার দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে রন্জু গুরুতর আহত হন।

“তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে পাঠানো হয় ময়মনসিংহে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।