২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান ভানার টাকা নিয়ে দুটি পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 06:34 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

মঙ্গলবার মনতৈ গ্রামে এ সংঘর্ষ হয় বলে লাখাই থানার ওসি মো. বজলার রহমান জানান।

আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বজলার রহমান জানান, দুপুরে লাখাই মনতৈল গ্রামের আব্দুর রহমানের ছেলে অলিদ মিয়ার ধান ভানেন একই গ্রামের সুনারই মিয়ার ছেলে কামাল মিয়া।

“পরে মজুরি নিয়ে তাদের মধ্যে মতভেদ হয় এবং তারা কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।”

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান ওসি।