নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসূন নূর জানান, মঙ্গলবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - নাটোর সদর উপজেলার হালসা গ্রামের ইব্রাহিম শেখের ছেলে ইমরানুল হোসেন (১৮), সিংড়া উপজেলার গোনাইখাড়া গ্রামের আফাজউদ্দিন আলীর ছেলে মনিরুল ইসলাম (১৯) ও সৈয়দ আলী (৩২)।
ওসি শামসূন বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে আহম্মেদপুর এলাকায় বনপাড়া-নাটোর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী ইমরানুল ও মনিরুল মারা যান। এর আগে ভোর ৬টার দিকে গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কারচালক সৈয়দ আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাইভেট কারের আরও দুই যাত্রী আহত হলে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে তিনি জানান।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
