গাজীপুরে বাসের ধাক্কায় যুবলীগ নেতা নিহত
গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহত কফিল উদ্দিন (৪৫) ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সিটি করপোরেশনের তিনসড়ক এলাকায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন দুলাল জানান।
তিনি বলেন, সোমবার রাতে গাজীপুর জেলা শহর থেকে মোটরসাইকেলে করে ভাওয়াল মির্জাপুরের বাসায় ফিরছিল। পথে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীই গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে কফিলের মৃত্যু হয় বলে জানান তিনি।
আহত মাসুমকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
